রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৪ গাজা থেকে মিসরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাতভর অভিযানের পর মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ইসরায়েলের ৪০১তম আর্মড ব্রিগেড পূর্ব রাফাহ’র সালাহ-আ-দিন ক্রসিংটিকে রাস্তা থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের সন্দেহভাজন অবস্থানগুলিকে লক্ষ্য করে স্থল সেনা এবং বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, তাদের একটি ট্যাংক ক্রসিং দিয়ে প্রবেশ করছে। এলাকাটির দখল নেওয়া ওই ট্যাংক থেকে ইসরায়েলি পতাকা উড়তেও দেখা যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, রাতারাতি ট্যাংক ও বিমান হামলা চালিয়ে রাফাহ শহরের বেশ কয়েকটি এলাকা ও বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত চারটি বাড়িতে আঘাত হানলে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়। গাজা বর্ডার ক্রসিংয়ের এক মুখপাত্র হিশাম এদওয়ান বলেন, রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে গেলে গাজা উপতক্যার বাসিন্দাদের মৃত্যু ছাড়া আর কোন গতি থাকবে না। অবরুদ্ধ রাফাহ শহরে প্রবেশ ও মিসরে যাতায়াতের একমাত্র পথ এই ক্রসিং। এই ক্রসিং দিয়েই ত্রাণ সাহায্য পৌঁছায় গাজায়। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: সংযোগসামরিক