যে ছবিতে অভিনয়ের জন্য ১০ বছর চেষ্টা করছেন স্কারলেট প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪ জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমায় থাকছেন হলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন স্কারলেট জোহানসন। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। গারেথ অ্যাডওয়ার্ড পরিচালিত নতুন এই ছবিটির নাম এখনো ঠিক হয়নি। ভ্যারাইটিতে দেওয়া সাক্ষাৎকারে স্কারলেট বলেন, ‘আমি ১০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার জন্য সব চেষ্টা করে গেছি। এমনকি সেটা যদি প্রথম পাঁচ মিনিটের মধ্যে মৃত্যু ঘটে যায় এমন চরিত্রও হয়, তবুও। আমি জুরাসিক ওয়ার্ল্ডের বড় ভক্ত।’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি সবসময়েই এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছেন। তিনি আরও বলেন, ‘এটি আমার হলে দেখা প্রথম দিকের ছবিগুলোর মধ্যে একটি। খুব ভালোভাবেই মনে আছে। এটি আমার জীবন বদলে দিয়েছিল, মন ভরিয়ে দিয়েছিল। আমি কতটা এক্সাইটেড তা ভাষায় প্রকাশ করতে পারব না!’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। জোহানসন জানিয়েছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর চতুর্থ কিস্তির স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে। প্রথম তিন কিস্তির থেকে এটি একেবারেই আলাদা হতে যাচ্ছে। জানা গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড ফোর’-এর শুটিং হবে থাইল্যান্ডে। এছাড়াও মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: জোহানসনস্কারলেট