প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার সেই চারতলা বাড়িতে অভিযান চলাকালে তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটিতে ঢুকে অভিযান শুরু করে পুলিশের বিশেষায়িত সোয়াত ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা। পরে বিকেল পৌনে ৩টার দিকে বোমা ডিসপোজাল ইউনিটের এক সদস্যকে লাল বালতিতে ‘বিস্ফোরক দ্রব্য’ নিষ্ক্রিয় করার জন্য ভবনটির পাশে খালি জায়গায় এনে রাখতে দেখা যায়। এর প্রায় ৩০ মিনিট পরসোয়া ৩টার দিকে তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ফ্ল্যাটের জানালার কাঁচ ভেঙে নিচে পড়তে দেখা যায়। এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযানের আগে পুলিশ সুপার ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গত ৮ ও ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি দোতলাবাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপার আড়িয়াবো এলাকায় চারতলা এ ভবনটি চিহ্নিত করা হয়। এ ভবনের একটি ফ্ল্যাটে বোমা তৈরিতে এক্সপার্ট এক ব্যক্তিরও অবস্থান রয়েছে বলে তথ্য পেয়েছি। অভিযান শুরুর আগে বাড়ির সব সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এটিইউ ও সোয়াত টিম ছাড়াও ঘটনাস্থলে রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরাও রয়েছেন। SHARES জাতীয় বিষয়: অভিযানফ্ল্যাটেরূপগঞ্জ