অঞ্জনের কাছে এই প্রজন্মের নির্মাতাদের শেখার আছে: তমা মির্জা

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৪

সংগীতশিল্পী, নির্মাতা ও অভিনেতা। তিন অধ্যায়েই ধারাবাহিকভাবে অসাধারণ ও সমান্তরাল। এমন বিরল প্রতিভার প্রমাণিত শিল্পী আজকাল মেলা ভার। সর্বশেষ নন্দিত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনের একাংশ নিয়ে বানানো সিনেমা দিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাজুড়ে। তো সেই সব্যসাচী অঞ্জন দত্তের সাহচর্যে গিয়ে মুগ্ধ না হওয়ার তো কারণ নেই।

ঢাকাই সিনেমার তমা মির্জার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ফলে সেটি নিয়ে ফলাও করে খবর প্রকাশেরও কিছু নেই! তবুও লিখতে হচ্ছে এই কারণে, অঞ্জন ইউনিটে মিশে ‌‘সুড়ঙ্গ’ নায়িকার আলাদা কিছু অভিজ্ঞতা আর প্রতিক্রিয়া জন্মেছে ভেতরে ভেতরে।

মঙ্গলবার পেরিয়ে দিবাগত মধ্যরাতে (৩ জুলাই) তার কিছুটা শেয়ার করেছেন বাংলা ট্রিবিউন বরাবর। যেখানে অভিজ্ঞ নায়িকা নিজেকে যেন প্রকাশ করেছেন অঞ্জনের সেই তিরতিরে প্রেমিকা বেলাবোসের মতো করে! যৌবনে পা ফেলেই অঞ্জনের যে গানটা শুনে মনে মনে এমন একজন প্রেমিকাকে গড়েছেন মন-কোঠরে। নিজের অজান্তেই নিজেকে দাঁড় করিয়েছিলেন বেলাবোসের আদলে, আর ছুঁয়ে গেছেন প্রেমিক অঞ্জনের আকূল হৃদয়।

বহু বছর পর সেই অঞ্জন দত্তকে হাতের কাছে পেয়ে তমা যেন ভেতরে লুকিয়ে থাকা বেলাবোসই হয়ে গেলেন নিজের অজান্তে। বললেন, ‘‘অবশেষে আমি যেন সেই অঞ্জনকে খুঁজে পাই, যিনি হাহাকার করেছিলেন আমার কৈশোরে ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো…’ বলে বলে।’’

বলাই হলো না, প্রথমবার অঞ্জন দত্ত কাজ করেছেন বাংলাদেশের কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আর তাতে তিনি কাস্ট করেছেন ঢাকার তমা মির্জাকে। এটি নির্মাণ করছেন অঞ্জন, সঙ্গে অভিনয়ও। ‘দুই বন্ধু’ নামের এই সিরিজটি বিঞ্জ অ্যাপে মুক্তি পাচ্ছে শিগগির। এরমধ্যে প্রকাশ্যে এসেছে অঞ্জন-তমা টিমের কিছু বিহাইন্ড দ্য স্থিরচিত্র।

নির্মাতা অঞ্জন এবং সহশিল্পী অঞ্জন। তমা মির্জা দুটোই পেয়েছেন একসঙ্গে। কেমন অভিজ্ঞতা হলো কৈশোরের ক্রাশকে এতোটা নাগালে পেয়ে। জবাবে অনেক কথাই বললেন। তবে যেটুকুতে কান আটকে গেলো, সেটুকু এমন- ‘অঞ্জন দত্তর কাছে এই প্রজন্মের নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। অনেক।’