‘মা কালী’ বিতর্কে রাইমা সেন

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪

সামাজিকমাধ্যমে মুক্তি পেয়েছে টালিউড অভিনেত্রী রাইমা সেন ও অভিষেক সিং অভিনীত ছবি ‘মা কালী’ ছবির ট্রেইলার। ১ মিনিট ৫৭ সেকেন্ডের এ ছবিতে ‘স্বাধীনতার আগে দেশ বিভাগের সময় বাঙালিদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল’ সে কথাই তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক বিজয় ইয়ালাকান্তি। আর এ ‘মা কালী’ ছবিতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী রাইমা সেন।

এ ছবির নায়িকা রাইমা সেন অভিনয় করতে গিয়ে তিনিও নানান অজানা কথা জানতে পেরেছেন। ১৯৪৬ থেকে স্বাধীনতা এবং তার পরের দিনগুলোয় বাংলা কী কী বীভৎসতার সম্মুখীন হয়েছিল, সে কথাই জানাচ্ছেন এ অভিনেত্রী।

বাংলাদেশের মেয়ে রাইমা সেনের দিদা প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেন। পাবনায় তার জন্ম। কখনো দিদার মুখে দেশ ভাগের কথা, কখনো দুই বাংলার গল্প, আবার কখনো সেই সময় ঘটে যাওয়া অত্যাচারের কথা শুনেছিলেন তিনি? এ অভিনেত্রী বলেন, তার দিদা ছবি, অভিনয়ের পাশাপাশি অন্যান্য অনেক কথা বলতেন। কিন্তু তার কথায় কখনো পূর্ববঙ্গ বা দেশ ভাগের কথা উঠে আসেনি। রাইমা সেন বলেন, এমন অনেক ঘটনা আছে, যা কেউ-ই জানে না। আমিও কখনো জানতাম না। এ ছবির চিত্রনাট্য পড়ে জানতে পেরেছি দেশ ভাগের ইতিহাস। এখনই সেটি জানানো সম্ভব নয়, ছবি মুক্তির পরই দর্শক জানতে পারবেন।