নাইজেরিয়ায় ধসে পড়েছে স্কুল, নিহত ২১

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

নাইজেরিয়ায় একটি স্কুল ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই ওই স্কুলে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত একটি স্কুল ধসে পড়ে। দেশটিতে নিযুক্ত রেড ক্রস এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্লেটাও রাজ্যের জোস নর্থ জেলার সেন্ট একাডেমি স্কুলের বেশ কিছু কক্ষ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে শিক্ষার্থীরা। উদ্বিগ্ন বাবা-মাকে ঘটনাস্থলে অপেক্ষা করতে দেখা গেছে। সে সময় ছোট ছোট শিশুরা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিল।

ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কিছু ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি দিয়ে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন। ধ্বংসাবশেষের স্তূপের চারপাশে লোকজন ভিড় করে আছেন।

রেড ক্রসের মুখপাত্র নুরুদ্দেন হুসেইন মাগাজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছে এবং ৬৯ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।