নিজের ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন শিল্পা!

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। দীর্ঘ দিন সিনেমার বাহিরে রয়েছেন তিনি। তবে রিয়েলিটি শো থেকে শুরু করে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হন তিনি। দুই সন্তানের জননী শিল্পার বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। এ বয়সেও তার মেদহীন শরীর, ত্বকের দীপ্তি ও ফিটনেস ভক্তদের মাঝে একটি বহুল চর্চিত বিষয়। 

বয়স বাড়ার সাথে সাথে প্রায় সব মানুষই নিজের ফিটনেস নিয়ে চিন্তায় পড়েন। কেই মনে করেন, মোটা না হতে চাইলে বাদ দিতে হবে ভাত ও রুটি। প্রোটিনের প্রতি দিতে হবে আলাদা জোর। আবার কেউ ভাবেন, খেতে হবে শুধুই সিদ্ধ খাবার। তবে শিল্পা তার ফিটনেস রহস্যে জানালেন, নিয়মিত ভাত ও রুটি খান তিনি। পাশাপাশি কিছু বিশেষ খাবার ও ব্যায়াম করে ফিটনেস ধরে রাখেন তিনি।

একটি সাক্ষাৎকারে বলিউড এ অভিনেত্রী তার খাবার তালিকা শেয়ার করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, ভাত এবং রুটি খেতে ভালোবাসেন তিনি।

শিল্পা তার সকাল শুরু করেন অ্যালোভেরার রস দিয়ে। তিনি বলেন, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে অ্যালোভেরা।’

এরপর কিছুটা বিরতি নিয়ে তিনি খান পরিজ (দানাশস্য দিয়ে তৈরি খাবার) এবং চা।

শিল্পা তার খাবার তালিকায় সবসময় ‘সাদা’ খাবারকে বাদ রাখেন। সাদা চাল, সাদা ময়দা এবং সাদা চিনি কখনো খান না তিনি। মিষ্টি খাবার খেতে মন চাইলে তিনি বেছে নেন ব্রাউন সুগার।

অনেক তারকা ফিটনেস ধরে রাখার জন্য সিদ্ধ খাবার খান। তবে এই নিয়ম মোটেও অনুসরণ করেন না শিল্পা। অলিভ অয়েল বা সাদা তেলে রান্না করা শাকসব্জি, দুপুরে ব্রাউন রাইস অথবা রুটি, মুরগির মাংস খান তিনি। তবে রাতের খাবার খেয়ে নেন তাড়াতাড়ি। একটি ব্রাউন ব্রেডের সঙ্গে থাকে দু’টি ডিম, চা। কখনও খান স্যালাড, চিকেন স্যুপ।

নিজের ফিটনেস ধরে রাখার জন্য আরেকটি অত্যাবশ্যকীয় কাজ করেন বলিউডের অন্যতম এ ফিট নায়িকা। নিয়ম করে প্রাণায়াম করেন। প্রতিদিন শরীরচর্চা সেরে নেন সময়মতো।