থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনের সময় নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ২টায় সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি শটগান এবং ১৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন– সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের শাকতলা বাজার এলাকার সাইমুন (২০); তুহিন (২০) ও রায়হান (২০)। তারা তিন জন বন্ধু।

জানা যায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা সেদিন থানা থেকে এসব আগ্নেয়াস্ত্র লুট করে। সোমবার রাত ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণবের নেতৃত্বে একটি টিম নদোনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তিন বন্ধুকে গ্রেফতার ও লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘গত ৫ আগস্ট হামলা চালিয়ে সোনাইমুড়ী থানা পুড়িয়ে দেওয়া হয়। তখন থানা থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র লুটপাট হয়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অধিকাংশ অস্ত্র ও গোলাবারুদ খুঁজে পাওয়া গেলেও এখনও কিছু কিছু পাওয়া যায়নি। সাইমুনের বাসায় পাওয়া এই অস্ত্র এবং গোলাবারুদ ৫ আগস্ট লুট হওয়া থানার অস্ত্র।’

নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছেন। আগ্নেয়াস্ত্রসহ তাদের সোনাইমুড়ী থানায় দেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’