পল্লী কবি জসীমউদদীনের জন্মদিন আজ : অযত্ন-অবহেলায় কবির বাড়ি

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

পল্লীকবি জসীম উদদীনের ১২৩তম জন্মদিন আজ। দিনটি ঘিরে নেই তেমন কোনো আয়োজন। এমনকি কবির স্মৃতিবিজড়িত বাড়িটিও রয়েছে অযত্ন আর অবহেলায়। কবির নামের জাদুঘর নিয়েও প্রচার নেই, ফলে পল্লীকবির বাড়ি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান ভক্ত ও দর্শনার্থীরা।

কবর ও আসমানীর মতো কালজয়ী কবিতার স্রষ্টা তিনি। পল্লীকবি জসীমউদদীন। তার অমর সৃষ্টির মধ্যে রয়েছে নকশী কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালী, বালুচর। কবিতা, গল্প, নাটক আর গানে ফুটিয়ে তুলেছেন গ্রামবাংলার মানুষের সুখ-দুঃখ।

কবি জসীমউদদীনের জন্ম ১৯০৩ সালের ১লা জানুয়ারি। ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে। তার লেখায় সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য ভাণ্ডার। অথচ কবির ব্যবহৃত জিনিসপত্রসহ অম্বিকাপুরের গোবিন্দপুরের পৈত্রিক বাড়িটিই অযত্ন আর অবহেলায় পড়ে আছে। এমনকি বাড়িটিতে নেই খোদ কবির লেখা কোনো বইও। ফলে হতাশা নিয়ে ফিরে যান কবিপ্রেমী দর্শনার্থীরা।

পল্লীকবির স্মৃতি সংরক্ষণ ও তার সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে স্থানীয় প্রশাসনসহ কবি পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানান সাহিত্য সংশ্লিষ্ট ব্যক্তি তৌহিদুল ইসলাম স্টালিন, আহ্বায়ক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা। এছাড়া অসংখ্য কবিভক্ত।

শুধু জন্ম বা মৃত্যুবার্ষিকীতেই নয়, কবি সম্পর্কে মানুষকে জানাতে সারা বছরই উদ্যোগ নেয়ার দাবি ফরিদপুরবাসীর।