বিশ্রাম পেরিয়ে কাজের বছরে শ্যামল

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

বিশ্রামের বছর পেরিয়ে কাজের বছরে পা ফেললেন অভিনেতা শ্যামল মাওলা। বিষয়টি এমন নয়, সদ্য বিদায়ী বছরে অভিনেতা শুধু ঘুমিয়েছেন! তা নয়। কাজও করেছেন। তবে সেটি বিশ্রামের মতো করে, ধীরলয়ে। নতুন বছরে এসে নিজের সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন ওটিটি অধ্যায়ের বেশ উজ্জ্বল এই অভিনেতা।

তিনি বলেন, ‘গত বছর (২০২৪) আমার একটু ঢিমেতালে কেটেছে। একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম। কারণ তার আগের বছর (২০২৩) একটু বেশি কাজ করে ফেলেছিলাম। ফলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই ইচ্ছে করেই ২০২৪ সালে কম কাজ করেছি। তবে এ বছর (২০২৫) আবার পুরোদমে কাজ করতে চাই।’

এই হলো শ্যামল মাওলার বিশ্রাম-বয়ান।

মঞ্চ থেকে উঠে আসা এই অভিনেতা এরই মধ্যে সমৃদ্ধ অবস্থান গড়ে নিয়েছেন টিভি, ওটিটি হয়ে সিনেমাতেও। তবে গত দুই বছর ওটিটি অঙ্গনে সবার নজর কেড়েছেন তিনি। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, ‘মহানগর’-এর মতো সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন।

একসময় মঞ্চে কাজ করতেন। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। তখন থেকে ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও চোখে লাগার মতো সফলতা পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৬ বছর, ২০২৩ সাল। এ বছর শ্যামল তার ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যস্ততা ও সফলতা উপভোগ করেছেন। যদিও সেই সফলতা অভিনেতাকে খুব বেশি বিচলিত করতে পারেনি। তাই তো দারুণ সব সফলতা ঘরে তুলেও বিশ্রামের হাই তুলেছিলেন ২০২৪ সালজুড়ে!

যদিও এই বিশ্রাম নিজেকে রিচার্জ ও রিসার্চ করার মতো মনে করেন তিনি। জানালেন, ২০২৫ হবে তার কাজের বছর। কারণ, গত বছর এই অভিনেতা বেশ বেছে বেছে কাজ করেছেন। তবে এ বছর পুরোদমে ঝাঁপিয়ে পড়তে চান নানামাত্রিক অভিনয়ে।

প্রশ্ন ছিলো নতুন বছরে কাজের তালিকায় কী কী থাকছে? কিংবা বছরের প্রথম কাজ শুরু করছেন কোন প্রজেক্ট দিয়ে। না। অপারগতা প্রকাশ করেছেন আগাম তথ্য দিতে। তিনি বলেন, ‘বেশ কিছু ভালো ভালো প্রজেক্টে কাজ করার প্ল্যান আছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। সময়মতো ধারাবাহিকভাবে সবাই জানতে পারবে। আমি শুধু এটুকু জানি, এই বছরটা আমি কাজে ডুবে যাবো।’

বলা দরকার, মঞ্চ নাটক পেরিয়ে ২০০৬ সালে শ্যামল মাওলার অভিষেক হয় টিভি নাটকে। সেটি ছিলো সুমন আনোয়ার পরিচালিত ‘রোদ বৃষ্টির শহরে’। ২০১৮ সালে সৈয়দ আহমেদ শাওকির ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান। ২০২১ সালে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ দিয়ে সিনেমায় নাম লেখান শ্যামল।

ক্যারিয়ারগ্রাফে স্পষ্ট, শ্যামল মাওলা থেমে থেমে, বিশ্রাম নিয়ে, ক্রমশ এগিয়ে যাচ্ছেন, ধীরলয়ে দীর্ঘ পথে সমৃদ্ধ লক্ষ্যে।