আফগান শরণার্থীদের ‘অবকাঠামোগত সহায়তার’ আশ্বাস ভারতের প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ আফগান শরণার্থীদের পুনর্বাসনে ‘অবকাঠামোগত সহায়তার’ আশ্বাস দিয়েছে ভারত। বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুবাইয়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা আসে। ২০২১ সালের আগস্টে তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন কাবুলে ক্ষমতায় ফেরার পর এটি ভারত ও তালেবান সরকারের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। ২০২৩ সালের শেষে প্রায় ১০ লাখ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান ও ইরান। আফগান কর্মকর্তাদের মতে, অন্তর্বর্তী প্রশাসন ইতোমধ্যেই ফেরত আসা শরণার্থীদের মধ্যে জমি দিচ্ছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের অনুরোধের পরিপ্রেক্ষিতে, ভারত প্রথম ধাপে স্বাস্থ্য খাতে এবং শরণার্থীদের পুনর্বাসনের জন্য আরও অবকাঠামোগত সহায়তা দেবে। বিবৃতিতে আরও বলা হয়, উভয়পক্ষ চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করে এবং সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে ভারত উন্নয়ন প্রকল্পগুলোতে অংশ নেওয়ার কথা বিবেচনা করবে। এ ছাড়াও ইরানের চাবাহার বন্দরে বাণিজ্য ও বাণিজ্যিক কার্যক্রম, বিশেষ করে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা উন্নীত করার বিষয়েও সম্মত হয় এই দুপক্ষ। বৈঠকে ‘ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি তাদের সংবেদনশীলতা’ তুলে ধরে আফগানিস্তান। ভারতের উদ্যোগে ইরানের দক্ষিণে চাবাহার বন্দর উন্নয়নের কাজ চলমান রয়েছে। গত নভেম্বরে কাবুলে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে সাক্ষাৎ করেছিল ভারতীয় প্রতিনিধি দল। সূত্র: আনাদোলু। SHARES আন্তর্জাতিক বিষয়: ভারতসহায়তার