শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধসহ শতাধিক পণ্য ও সেবার ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। ইতোমধ্যে যশোর চেম্বার অব কমার্সের নেতারা জেলার বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেন। সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান ব্যবসায়ীরা। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘গত সরকারের সীমাহীন দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। এ অবস্থায় আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণসহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যেকোনো দেশের জন্য আইএমএফের ঋণ হলো ঋণপ্রাপ্তির সর্বশেষ আশ্রয়। এই কঠিন ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সম্প্রতি শতাধিক পণ্যের ওপর শুল্ক বাড়ানোর অধ্যাদেশগুলো জারি করেছে। কিন্তু গণ-অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকারের কাছে প্রশ্ন, অবৈধ সরকারের ঋণের এই শর্ত বর্তমান সরকার পুনর্বিবেচনার জন্য আইএমএফকে আহ্বান জানিয়েছে কি না, তা স্পষ্ট নয়। বর্তমান সরকার আগের সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না। অবিলম্বে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, ‘সম্প্রতি সরকার রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য দুটি অধ্যাদেশ জারি করেছে। এর ফলে মূল্যস্ফীতি ও ব্যবসায়ীদের খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার তার রাজস্ব আয় বাড়ানোর জন্য করের আওতা বাড়াবে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কর বাড়ানোর ক্ষেত্রে সরকারকে মনে রাখতে হবে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান যেন নেমে না যায় এবং তাদের ভোগান্তি যেন না বাড়ে।’ শুল্ক বাড়ানোর ব্যাপারে যশোর রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ডিএইচ দিলসান বলেন, ‘সরকার সেবার ওপর কর বাড়িয়েছে। এতে ব্যবসায়ী ও ভোক্তার ব্যয় বাড়বে। ফলে বাণিজ্য মন্দা যাবে।’ সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: ঋণপ্রাপ্তিরবৈদেশিকব্যবসায়ীদের