শাহনূরের পদে শিল্পী সমিতির কমিটিতে ডাক পেলেন মুক্তি প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। তার পথ ধরে নব্বই দশকের শেষদিকে সিনেমায় আসেন রুমানা ইসলাম মুক্তি। বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘চাঁদের আলো’ সিনেমা দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এরপর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছিল সর্ব মহলে। বর্তমানে সিনেমার অভিনয়ে অনিয়মিত মুক্তি। তবে সিনেমাপাড়ায় সরব রয়েছেন তিনি। এবার যুক্ত হলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে। কমিটির নির্বাহী সদস্য পদ থেকে চিত্রনায়িকা শাহনূর বাদ পড়ায় তার জায়গায় মুক্তিকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি মিশা সওদাগর। গত রোববার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। এ তথ্য জানিয়েছেন তিনি। এসময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। তারা জানান, মুক্তিকে কমিটিতে পেয়ে আনন্দিত তারা। শিল্পী সমিতির সদস্য পদে যুক্ত হওয়া প্রসঙ্গে মুক্তি বলেন, ‘শিল্পী সমিতি সবসময়ই একটা আবেগের জায়গা আমাদের জন্য। মায়ের সুবাদে আমার আবেগটা সেই শিশুকাল থেকেই। এই সমিতির কমিটিতে যুক্ত হওয়াটা তাই দারুণ আনন্দের। এই কমিটির সদস্যরা দারুণ। আশা করছি কাজের অনেক সুযোগ পাবো।’ SHARES বিনোদন বিষয়: আনন্দিতআনোয়ারামুক্তিকে