জসীমউদ্দীনের কবিতা থেকে ইমনের গান প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ পল্লিকবি জসীমউদ্দীনের ‘হলুদ বরণী’ কাব্যগ্রন্থের ‘ফুল নেয়া ভাল নয়’ কবিতা থেকে গান করলেন এ সময়ের আলোচিত সংগীত পরিচালক ইমন চৌধুরী। ‘ফুল নেয়া ভাল নয় মেয়ে, ফুল নিলে ফুল দিতে হয়, ফুলের মতন প্রাণ দিতে হয়’ কবিতার লাইনগুলোতে সুর ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। কবিতার নামেই রাখা হয়েছে গানটির শিরোনামও। একই সঙ্গে ‘ফুল নেয়া ভাল নয়’ গানটির মাধ্যমে আত্মপ্রকাশ করল ‘বেঙ্গল সিম্ফোনি’ গানের দল। গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় গানটি প্রকাশ পায় অন্তর্জালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী জানান, কবির পরিবারের অনুমতি নিয়েই গানটি করা হয়েছে। এখন থেকে ‘বেঙ্গল সিম্ফোনি’ থেকে নিয়মিতই গান পাবেন শ্রোতারা। এ সম্পর্কে তিনি বলেন, “গত দেড় বছর আমরা ২৫-৩০ জন একসঙ্গে গান-বাজনা করছিলাম। সবাই মিলে তৈরি করেছি ‘বেঙ্গল সিম্ফোনি’ টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা। আগামীতে আরও সুন্দর সুন্দর গান প্রকাশ পাবে।’’ মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার। কক্সবাজারে এর দৃশ্যধারণ হয়েছে। নির্মাতা কনক বলেন, ‘ইমন চৌধুরীকে আমি একজন মিউজিশিয়ান হিসেবে খুবই পছন্দ করি। আবার মানুষ হিসেবেও তিনি অসাধারণ। কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। গানটি যেহেতু পল্লিকবির কবিতা থেকে করা হয়েছে, তাই একটা সহজ-সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।’ Download PhotoCard SHARES বিনোদন বিষয়: কবিতাকাব্যগ্রন্থেরগান