বসন্তে এলো তাদের ‘বসন্তবৌরি’ প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ভালোবাসা দিবস চলে গেলেও ভালোবাসার আবহ এখনও সবার হৃদয়ে রয়ে গেছে। আর এই ভালোবাসা দিবসকে বিশেষ করতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনীত নাটক ‘বসন্তবৌরি’। নাটকের গল্পটি এমন—নতুন ভাড়াটিয়া এসেছে পলাশদের পাশের বাসায়। তাদের একটা মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, নাম শিমু। সে একটা মোরগ পালে, সেটির নাম দিয়েছে আইনস্টাইন। সকালবেলা পলাশের ঘুম ভাঙে শিমুর চিৎকার করে তাপ গতিবিদ্যার সূত্র মুখস্থ করার শব্দ শুনে। পলাশ কানে বালিশচাপা দিয়েও কূল পায় না। পলাশের সামনে অ্যাডমিশন টেস্ট, সে কিছুই পড়ে না। তখন পলাশ বলে, এই মেয়ে পড়াশোনা করে না, ষাঁড়ের মতো চেঁচায়। এরপর দুজনের পরিচয় হয় আর তাদের মধ্যে ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। জাহান সুলতানার গল্পে নাটকটি নির্মাণ করেছেন মিশুক মিঠু। এতে পলাশ ও শিমুর চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। নির্মাতা বলেন, ‘এটা টিনএজদের কাছে ভালো লাগবে। কারণ, গল্পটা ঠিক প্রেমের না কিন্তু প্রেম শুরু হওয়ার আগের। যে মুহূর্তটাই সবার কাছে বেশি স্পেশাল। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ কে এস ফিল্মস প্রযোজিত ‘বসন্তবৌরি’ নাটকে বাসার-তিশা ছাড়া আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: তানজিনতিশা