সম্প্রচারের সময় ছিল না পাকিস্তানের নাম, আইসিসির কাছে চিঠি পিসিবির প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে আয়োজকদের নাম না থাকা নিয়ে নাটক কম হয়নি। ভারতের টিম জার্সিতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকবে না- এমন একটা গুঞ্জন ছিল টুর্নামেন্টের আগে। শেষ পর্যন্ত সেটা ভুয়া খবর হিসেবেই প্রচার পেয়েছে। এবার অবশ্য সত্যি সত্যি বাংলাদেশ-ভারত ম্যাচে লোগো সংশ্লিষ্ট একটি বিতর্কের জন্ম নিয়েছে। ব্রডকাস্টাররা ইভেন্টের নাম, আয়োজকদের নাম লোগোসহ সরাসরি সম্প্রচার থাকে। আগের ম্যাচগুলোয় সেই লোগোতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকলেও বাংলাদেশ-ভারত ম্যাচে বাদ পড়ে সেটা। পুরো ম্যাচেই আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল না সেখানে। অথচ বাকি সব ম্যাচে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম বাম কর্নারে সম্প্রচারের সময় দেখানো হয়েছে। আগের দুটি ম্যাচ হয়েছে করাচিতে। কিন্তু দুবাইয়ে ভারত ম্যাচের সময় সেটা না হওয়ায় ভীষণ ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই বাধ্য হয়ে আইসিসির কাছে ব্যাপারটা চিঠি দিয়ে জানিয়েছে তারা। পিসিবি অনুরোধ করেছে সামনে যেন একই রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। অবশ্য যতটুকু জানা গেছে, আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে বলেছে, এটা শুরুর যান্ত্রিক ত্রুটি। কিন্তু সেই উত্তর মন গলাতে পারেনি পিসিবির। লাইভ ফিডের জন্য গ্রাফিক্স তৈরি ও সরবরাহের কাজটা আগেই করা হয়েছে। আইসিসির তত্ত্বাধানে সেটা করে দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সানসেট অ্যান্ড ভাইন। যে কারণে উদ্বোধনী ম্যাচের লোগোতে পাকিস্তানের নামটি থাকায় আইসিসির এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশ-ভারত ম্যাচে এমনটা হওয়ায়! আইসিসি কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে আরও বলেছে, ভবিষ্যৎ কোনও ম্যাচে এটা প্রভাব ফেলবে না। সেটা পাকিস্তান হোক কিংবা সংযুক্ত আরব আমিরাতে। SHARES ক্রিকেট বিষয়: আইসিসিপাকিস্তানেরব্রডকাস্টাররা