শ্রুতির উপলব্ধি

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

ভারতের জনপ্রিয় অভিনেতা কমল হাসান ও সারিকা দম্পতির কন্যা শ্রুতি হাসান। বাবা-মা উভয়ে তারকা হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই সেই খ্যাতি এড়িয়ে চলার চেষ্টা করতেন তিনি, যে জন্য অপরিচিতদের কাছে নিজের ভুয়া নাম বলতেন বলেও এক সাক্ষাৎকারে জানান।

কদিন আগে একটি নারী ক্রিকেট টুর্নামেন্টের মধ্যবর্তী অনুষ্ঠানে পারফর্ম করতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শ্রুতি। সেই ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের উপলব্ধি নিয়ে তিনি বলেন, ‘আমার বাবা-মা বিখ্যাত ব্যক্তিত্ব। এই পরিচয়ে আমার বিরুদ্ধাচরণ ছিল। এ জন্য আমি ভুয়া নাম ব্যবহার করতাম; যাতে করে বাবা-মায়ের খ্যাতির সঙ্গে আমাকে না জড়ায় এবং কেবল একজন মানুষ হিসেবে বিবেচনা করেন।’

খ্যাতিকে হাতব্যাগের সঙ্গে তুলনা করে শ্রুতি বলেন, ‘এটি চিরস্থায়ী জিনিস নয়, খুবই ক্ষণস্থায়ী। এটি একটি সুন্দর হাতব্যাগের মতো। আপনি যদি পাথর দিয়ে এটি পূর্ণ করেন, তবে আপনার কাঁধে ব্যথা করবে। সুতরাং খ্যাতি আপনাকে খুব হালকাভাবে বহন করতে হবে। কারণ এটি চিরস্থায়ী নয়। যদি কেউ মনে করেন খ্যাতির ওপর ভিত্তি করে তার আশা-স্বপ্ন, ভবিষ্যৎ গড়বেন- তাহলে তিনি আকাশে দুর্গ তৈরি করছেন।’

বর্তমানে শ্রুতির হাতে ‘সালার টু’, ‘কুলি’ সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘সালার টু’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি।