ওয়ানডে ফরম্যাট থেকে স্টিভ স্মিথের অবসর

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারের একেবারে শেষ সময়ে চলে এসেছেন। এখন শেষের সময়টা ভাবতে চান। স্টিভেন স্মিথের শেষটা হয়ে গেল গতকালই। ওয়ানডে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ১৭০ ওয়ানডে, দুটো বিশ্বকাপ শিরোপা নামের পাশে রেখে স্মিথ গুডবাই বললেন এক দিনের ক্রিকেট থেকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালটাই হয়ে থাকল একদিনের ক্রিকেটে স্মিথের বিদায়ী ম্যাচ। ৯৬ বলে ৭৩ রানের শেষ ইনিংসটা হয়ত স্মিথের চিরচেনা ওয়ানডে স্টাইলের একটা প্রতিচ্ছবি হয়ে থাকলো আজীবনের জন্য। ৩৫ বছর বয়সে ১৭০ ওয়ানডে ম্যাচে ৫ হাজার ৮০০ রান আর ২৮ উইকেট নিয়ে শেষ হলো একদিনের ক্রিকেটে স্টিভেন স্মিথ অধ্যায়।