স্কুল ক্রিকেটে আলোড়ন তোলা ২ কিশোরকে বিশেষ উপহার দেবেন লিটন

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে। এবার এই দুই প্রতিভাবান কিশোরকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন টাইগার লিটন দাস।

ইতিহাসগড়া মুস্তাকিম খেলেছেন ১৭০ বল। বিনিময়ে ৫০ চার ও ২২টি ছক্কায় তিনি ৪০৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা দেশের যে কোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও প্রথম ৪০০ রানের ইনিংস। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামব্রিয়ানের জয়ের পথ তৈরি করে দেয়।

প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল দাঁড়াতেই পারেনি। লক্ষ্য তাড়ায় দলীয় ফিফটিও পূর্ণ করতে পারেনি সেন্ট গ্রেগরিস। ১১.৪ ওভারেই তারা গুটিয়ে গেছে মাত্র ৩২ রানে। এমনকি দলটির একাদশ ব্যাটার অপূর্ব বাড়ই (১০) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া মাত্র ১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান হৃদয়।

দুই কিশোরের ব্যাটিংশৈলীতে পুরো দেশের অনেকের মতো মুগ্ধ হয়েছেন লিটন। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে দুই কিশোরের প্রশংসা করে তাদের উপহার দেয়ার কথা জানান। ফেসবুকে লিটন লিখেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সাফল্য দেখতে দারুণ লাগছে! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ পারভেজের ২৫৬ রান + ৪ উইকেট—এক কথায় অসাধারণ!’

তিনি আরও যোগ করেন, ‘এটা জানতে পেরে ভালো লাগছে, সাদের কাছে আমার ব্যাটিং ভালো লাগে। ভালোবাসার প্রতীক হিসেবে আমি মুস্তাকিম ও সাদ—দুজনকেই আমার দুই জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং তারা আরও উজ্জ্বলভাবে আলো ছড়াবে!’

লিটন এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত আছেন। আবাহনী লিমিটেড ছেড়ে এবার নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। এদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার কথা রয়েছে তার। এনওসি বা অনাপত্তিপত্র পেলে দেখা যেতে পারে সেই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও।