রুশ ড্রোন হামলায় ইউক্রেনের মাইকোলাইভে বিদ্যুৎ বিভ্রাট

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া ক্রিভি রিহ শহরেও হামলা হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা বুধবার (২৬ মার্চ) জানিয়েছেন। তারা বলেছেন, এটি যুদ্ধ শুরুর পর ক্রিভি রিহে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে দুটি আলাদা চুক্তি করেছে, যাতে কৃষ্ণসাগর অঞ্চলে এবং একে অপরের জ্বালানি স্থাপনার ওপর হামলা বন্ধ রাখবে। তবে চুক্তি দুটি কখন এবং কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট নয়।

মাইকোলাইভের মেয়র বুধবার ভোরে শহরে জরুরি বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন। এর আগে অঞ্চলের গভর্নর জানান, রাতভর সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটটি সতর্কতামূলক নাকি রাতের হামলার ফল, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে রাশিয়ার হামলায় আগুন ধরে যায় এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া রাতভর ১১৭টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ৫৬টি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। এ ছাড়া ৪৮টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার ভিলকুল টেলিগ্রামে লিখেছেন, দেখে মনে হচ্ছে, দখলদাররা এভাবেই শান্তি চায়।’ তিনি এটিকে যুদ্ধের সময় ক্রিভি রিহে সবচেয়ে বড় ড্রোন হামলা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে কেউ হতাহত হয়নি।

মাইকোলাইভ ও ক্রিভি রিহের ঘটনা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

ভিলকুল জানান, ক্রিভি রিহে অন্তত ১৫টি বিস্ফোরণ হয়েছে। শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান এবং রাশিয়া  নিয়মিত হামলা চালিয়ে আসছে।

রাশিয়ার পক্ষ থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়ণি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাতভর ইউক্রেনের নয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে দুটি কৃষ্ণসাগরের ওপর।