৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস হবে যে পদ্ধতিতে

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ মে শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে প্রস্তুত করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কক্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে।

দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ। এই পরিপ্রেক্ষিতে নিজ আসন ও কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসে ৩,১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১,৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।