বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সংশোধিত সূচি ঘোষণা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও সেটি হচ্ছে না। ৩ ম্যাচের সিরিজ খেলবে দুই দল। আজ বুধবার সেই ৩ ম্যাচের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত এই ৩ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৮ মে, বুধবার। পরের ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১ জুন। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পিসিবির ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে লাহোরে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৬ ও ২৭ তারিখ পুরোপুরি অনুশীলন করতে পারবে টাইগাররা। সবগুলো ম্যাচই শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় রাত৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টা)।

এরই মধ্যে সিরিজ উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। স্বাগতিকরা এই টুর্নামেন্ট খেলবে নতুন কোচ মাইক হেসনের অধীনে। তিনি দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে এই সিরিজে রাখেননি। ২০২৪ সালের পর টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে হাসান আলীকে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফখর জামান-সাইম আইয়ুবও।

ফয়সালাবাদে প্রথমে ৫ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও লজিস্টিকস ও নিরাপত্তা শঙ্কায় ম্যাচ সংখ্যা তিন-এ নামিয়ে আনা হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও বিসিবি চেয়ারম্যান ফারুক আহমেদের যৌথ মিটিংয়ের পর এই সিদ্ধান্ত আসে।

বাংলাদেশ সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম খান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান (উইকেটরক্ষক)। এবং সাইম আইয়ুব।