৬ জুনের টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৬ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য আজ সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এসময় প্রথম ৩০ মিনিটেই টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, আগামী ৬ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৩২ হাজার ৯৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৩ হাজার ৬৭৮টি টিকিট বিক্রি হয়েছে। পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে। আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৪ টি টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ হাজার ৯৫৪ টি টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে৷ যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: টিকিটপশ্চিমাঞ্চলেরবরাদ্দ