রৌমারীতে পুশ ইনকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলি প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জনের পুশ ইনের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তে ১০৬৭ সীমানা পিলারের নোম্যানসল্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পুশ ইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও একাধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ১৪ জন নারী-পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশ ইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে পুশ ইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে। সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের নোম্যানসল্যান্ডে পুশ ইন করা ব্যক্তিরা অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী, তারা সবাই ভারতের বাসিন্দা বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় খোরশেদ আলম, ময়জুদ্দিন, নুরুল হকসহ কয়েকজন জানান, ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিচ্ছিল বিএসএফ, এতে বাধা দেয় বিজিবি। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ চারটি গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি কিছুটা থমথমে রয়েছে বলে জানান তারা। জামালপুর ব্যাটালিয়নের-৩৫ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) শামসুল হক বলেন, বিএসএফ অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি বাধা দেয়। পুশ ইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি, তারা দুই দেশে শূন্য রেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। কিন্তু কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি বলে জানান তিনি। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: বিএসএফেরবিজিবি