বিশ্বকাপের আগে বিপাকে উরুগুয়ে, যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

কাগজপত্র জটিলতায় বিশ্বকাপে বড় সমস্যায় পড়েছে উরুগুয়ে ফুটবল দল। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাওয়ার পথে মেক্সিকোতে আটকে যায় মার্সেলো বিয়েলসার পুরো স্কোয়াড। অভিযোগ, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট ও অনুমোদন সময়মতো প্রস্তুত না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, উরুগুয়ের খেলোয়াড় ও কোচিং স্টাফকে বহনকারী বিমানটি মেক্সিকো থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স না থাকায় যাত্রা স্থগিত হয়ে যায়। স্থানীয় গণমাধ্যমের দাবি, ভিসা ও অন্যান্য কাগজপত্র প্রস্তুতের দায়িত্ব ফিফার হলেও তারা নির্ধারিত সময়ে তা সম্পন্ন করতে পারেনি।

এ ঘটনায় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে, যাতে গ্রুপ পর্বের ম্যাচের আগে দলটি যুক্তরাষ্ট্রে পৌঁছে প্রস্তুতি নিতে পারে। তবে বিলম্বের কারণে মাঠে অনুশীলনের সুযোগ হারিয়েছে দলটি। বাধ্য হয়ে খেলোয়াড়দের এখন ইনডোর ট্রেনিংয়েই প্রস্তুতি নিতে হচ্ছে।

এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে একই ধরনের সমস্যার অভিযোগ তুলেছিল উরুগুয়ে শিবির, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিশ্বকাপের মঞ্চে।