তারকা মিডফিল্ডারকে ভিসা দেয়নি কানাডা, আদালতের দ্বারস্থ ঘানা প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬ চলমান বিশ্বকাপে তারকা মিডফিল্ডার থমাস পার্টিকে ভিসা দেয়নি কানাডা। এতে করে কানাডার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে ঘানার সরকার। এই মামলার শুনানি আদালতে হবে। ভিসা না পাওয়ায় ঘানার মিডফিল্ডার থমাস পার্টে বুধবার টরন্টোতে পানামার বিপক্ষে ঘানার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ৩৩ বছর বয়সী পার্টের ভিসা জটিলতার কারণ হলো যুক্তরাজ্যে তার বিরুদ্ধে চলমান একটি ফৌজদারি মামলা। অটোয়ায় বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। পার্টির বিরুদ্ধে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত বলে দাবি করা সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। আগামী বছর তার বিচার শুরু হওয়ার কথা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে থমাস পার্টি কানাডার ভিসা না পাওয়ায় ঘানার জন্য বড় ধাক্কা। আর তাই কানাডার এই সিদ্ধান্তকে কঠোর এবং অত্যন্ত অন্যায্য বলে উল্লেখ করেছে ঘানার সরকার। তারা আদালতের কাছে অনুরোধ করেছে, যাতে পার্টিকে অল্প সময়ের জন্য কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তিনি ঘানার হয়ে ম্যাচটি খেলতে পারেন। এছাড়া, ঘানা আদালতের কাছে অনুরোধ করেছে, যাতে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ পার্টেকে নতুন করে ভিসার আবেদন করার সুযোগ দেয়। ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুডযেটো আবলাকওয়া বলেন, ঘানা সরকার কূটনৈতিকভাবেও বিষয়টির সমাধানের চেষ্টা করছে। এদিকে, কানাডার অভিবাসন বিভাগ জানিয়েছে, বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের আয়োজক হওয়া মানে এই নয় যে কানাডা তার অভিবাসন আইন পরিবর্তন করবে। কানাডায় প্রবেশ করতে চাওয়া প্রত্যেক ব্যক্তির আবেদন আলাদাভাবে আইন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। পার্টি ২০১৬ সালের জুনে অভিষেকের পর থেকে ঘানার হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। আগামী ২৩ জুন বোস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা। তবে তারা যদি গ্রুপ ‘এল’-এ রানার্স-আপ হয়, তাহলে শেষ ৩২-এর পর্বে আবার কানাডায় ফিরতে হতে পারে। SHARES খেলাধুলা বিষয়: আদালতের দ্বারস্থ ঘানাকানাডাঘানাতারকা মিডফিল্ডারকে ভিসা দেয়নি কানাডাবিশ্বকাপ