মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড : আগের কমিটি বাতিল, নতুন তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের লিফটের বাইরের কাভারিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ৬ সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাসপাতালের লিফট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর। আগের ৫ সদস্যের তদন্ত কমিটিতে লিফট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের ২ প্রকৌশলীকে সদস্য করা হয়েছিল। এ নিয়ে সমালোচনা শুরু হলে উদ্ভূত পরিস্থিতিতে আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে ৫ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস ও উপবিভাগীয় প্রকৌশলী মো. মাজেদুর রহমানকে সদস্য করা হয়েছিল।

হাসপাতালের লিফট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দপ্তরের প্রকৌশলীদেরই তদন্ত কমিটিতে রাখায় বিভিন্ন মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে আগের কমিটি বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়।

নতুন তদন্ত কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে করা হয়েছে সদস্যসচিব।

কমিটিতে আরও দুজন চিকিৎসক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (দক্ষিণ) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালককে সদস্য করা হয়েছে।

নতুন কমিটির কার্যপরিধিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনায় সংশ্লিষ্ট কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সুপারিশ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় রাখা হয়েছে।

আগের তদন্ত কমিটি বাতিলের বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, যেহেতু হাসপাতালের লিফট ব্যবস্থাপনার দায়িত্বে গণপূর্ত অধিদপ্তর রয়েছে, তাই তাদের বাদ দিয়ে নতুন কমিটি করা হয়েছে।

তিনি বলেন, ৬ সদস্যের নতুন তদন্ত কমিটির কার্যকাল বুধবার থেকে শুরু হয়েছে।

সাখাওয়াত সুমন/এমএমবি