ওবায়দুল কাদেরের বাড়ির সামনে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঝটিকা মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড হয়ে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোশ পরা নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে ঝটিকা মিছিল করেন। মিছিল চলাকালে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ ঘটনার এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মোটরসাইকেল আরোহীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে কবিরহাট সড়কের দিয়ে চলে যান।

বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি। এখানে তার ছোটভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা বসবাস করতেন।

একটি সূত্র জানায়, ওবায়দুল কাদেরের আরেক ছোটভাই শাহাদাত হোসেন সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনার সঙ্গে তার ইন্ধন থাকতে পারে। তবে মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে শাহাদাত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম মিছিলের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।