‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ পবিত্র হজ পালন সহজ করার লক্ষ্যে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন, সকল পস মেশিনে পেমেন্ট সুবিধা ও বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরে বলাকা লাউঞ্জ ফ্রি ব্যবহারের সুবিধা পাবেন। প্রত্যেক হজযাত্রী ১২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কার্ডে লোড করে নিতে পারবেন। তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি করা হবে এবং এতে কোনো চার্জ নেই। সম্প্রতি রাজধানীর এক হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যদের মতবিনিময় সভায় এ কার্ডের উদ্বোধন করেন। আরও পড়ুন ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর সোহেল আলিম। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় হাব ও ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমআরএম Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক