মেসির বিদায়ী ম্যাচের আগে স্কালোনিকে রেখে দেওয়ার আহ্বান মাক আলিস্তারের

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬
মেসির বিদায়ী ম্যাচের আগে স্কালোনিকে রেখে দেওয়ার আহ্বান মাক আলিস্তারের
সংগৃহীত ছবি
লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান আলেক্সিস মাক আলিস্তার। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার মনে করেন, স্কালোনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কও দারুণ।

 

বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচ সামনে রেখে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মাক আলিস্তার। একই সঙ্গে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায় এবং ক্লাব পর্যায়ে সতীর্থদের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।

 

স্কালোনিকে নিয়ে মাক আলিস্তার বলেন, ‘আমার কাছে স্কালোনি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি তাকে অনেক মূল্য দিই।

আশা করি, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই দল তাকে খুব ভালোবাসে এবং তাকে নিয়ে আমরা গর্বিত।
’ 

লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে ওঠা আলোচনাতেও কথা বলেছেন মাক আলিস্তার। চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করা এই মিডফিল্ডারের বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর। তিনি বলেন, ‘আমার চুক্তির এখনও দুই বছর বাকি। হাতে অনেক সময় আছে। সংবাদ সম্মেলনে আমি আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু সিদ্ধান্ত তারাই নেবে। ব্যক্তিগতভাবে আমি যেখানে আছি, সেখানে খুব উপভোগ করছি। আশা করি আরও কয়েক বছর থাকতে পারব। তবে দুই বছর থাকলেও আমি কৃতজ্ঞ।’

সতীর্থদের ক্লাব পরিস্থিতি নিয়েও কথা বলেছেন মাক আলিস্তার। ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেসের যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে এখনও কথা হয়নি। আমরা এখন সবাই কাছাকাছি আছি। শিগগিরই কথা হবে। সে দারুণ একটি গোল করেছে এবং আমি তাকে খুশি দেখছি।’

হুলিয়ান আলভারেসের অ্যাটলেটিকো মাদ্রিদে থাকা নিয়েও মন্তব্য করেছেন তিনি। মাক আলিস্তার বলেন, ‘জুলিয়ান খুশি কি না, আমি জানি না। সবাই নিজের স্বপ্নের জন্য লড়াই করে। তার ক্ষেত্রে বিষয়গুলো তার প্রত্যাশামতো হয়নি। তবে তার সঙ্গে আমার দেখা হয়েছে এবং পরিবার নিয়ে তাকে ভালোই মনে হয়েছে। অ্যাটলেটিকো নিয়ে যখনই সে আমার সঙ্গে কথা বলেছে, তখনই ক্লাবটির ব্যাপারে ভালো কথা বলেছে। আশা করি, সে ঘুরে দাঁড়াতে পারবে।’

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক

মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক

 

জাতীয় দল থেকে মেসির বিদায় প্রসঙ্গে মাক আলিস্তারের কণ্ঠে ছিল আবেগ। তিনি বলেন, ‘কৃতজ্ঞতা। তার মতো আর কেউ আসবে না। আমরা তাকে অনেক উপভোগ করেছি। সে আমাদের সবকিছু জিততে সাহায্য করেছে। দিনটি আবেগঘন হবে।’

মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে বলেও মনে করেন তিনি। ‘অনেক তরুণ খেলোয়াড় নিয়ে আমাদের নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের বুঝতে হবে, বিশ্বের সেরা খেলোয়াড় এবং পার্থক্য গড়ে দেওয়া সেই মানুষটি আর আমাদের সঙ্গে থাকবে না। তাই দল হিসেবে আমাদের আরও শক্ত হতে হবে।’

মেসির অবসরের সিদ্ধান্তের কথা কীভাবে জানতে পেরেছেন, সেটিও জানান মাক আলিস্তার। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছিলাম। কিছুটা অবাক হয়েছিলাম, তবে এমনটা হতে পারে বলে মনে হচ্ছিল। এখন তাকে কৃতজ্ঞতা জানানোর সময়। সে বিশ্বের সেরা খেলোয়াড়। এখন সে আমাদের সঙ্গে থাকবে না, বিষয়টি আমাদের কষ্ট দেয়। তবে এটাই প্রক্রিয়ার অংশ এবং আমাদের আরও শক্ত হতে হবে।’

সতীর্থ হিসেবে মেসিকে নিয়ে মাক আলিস্তারের মূল্যায়ন, ‘সহকর্মী হিসেবে সে ছিল সবার সেরা। তার সঙ্গে কথা বলা, তার বিনয়, সবকিছুই বিশেষ। আমরা তাকে অনেক মিস করব। আমরা তাকে ভালোবাসি এবং তার জীবনের জন্য শুভকামনা জানাই।’

  • এমএইচএম