ইমানের সপ্তম শাখা: পুনরুত্থানে বিশ্বাস

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইসলামি আকিদায় পুনরুত্থানে বিশ্বাস বলতে বোঝায়—মৃত্যুর মাধ্যমে মানুষের অস্তিত্বের চূড়ান্ত সমাপ্তি ঘটে না। একদিন আল্লাহ তাআলা মৃত মানুষকে আবার জীবিত করবেন এবং সবাইকে তার সামনে উপস্থিত করবেন। দুনিয়ার জীবনে মানুষ যা কিছু করেছে, পুনরুত্থানের পর তার হিসাবের মুখোমুখি হতে হবে, এবং যার যার আমল অনুযায়ী জান্নাত বা জাহান্নাম লাভ করবে।

পুনরুত্থানে বিশ্বাসের বিভিন্ন দিক

১. মৃতদেহের অবশিষ্টাংশ পুনরায় একত্রিত হবে

মানুষের দেহ মৃত্যুর পর পচে-গলে মাটিতে মিশে যেতে পারে, তার অস্থি ও দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু এসব আল্লাহর জ্ঞান ও ক্ষমতার বাইরে নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিগুলো একত্র করতে পারব না? অবশ্যই পারব; বরং আমি তার আঙুলের ডগাগুলোও সুবিন্যস্ত করতে সক্ষম।’ (সুরা কিয়ামাহ: ৩–৪) অর্থাৎ মানুষের দেহ যতই বিচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হোক, আল্লাহ তা পুনরায় একত্র করতে সক্ষম।

আরও পড়ুন

ইমানের ষষ্ঠ শাখা: কেয়ামতের ওপর বিশ্বাস

২. দেহ আবার পূর্ণ আকৃতি লাভ করবে

মানুষ যে দেহ নিয়ে দুনিয়ায় জীবনযাপন করেছে, আল্লাহ তাআলা সেই দেহই পুনরুত্থানের জন্য পুনর্গঠিত করবেন। আল্লাহ বলেন, ‘বলুন, সেই সত্তাই তাদের জীবিত করবেন, যিনি প্রথমবার তাদের সৃষ্টি করেছেন।’ (সুরা ইয়াসিন: ৭৯) প্রথমবার সৃষ্টি করা যদি আল্লাহর পক্ষে সম্ভব হয়, তাহলে মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করাও তার জন্য অসম্ভব নয়।

৩. পুনরায় দেহে প্রাণ সঞ্চার করা হবে

দেহের অংশগুলো একত্রিত ও পূর্ণ আকৃতি লাভ করার পর আল্লাহ তাআলা তাতে প্রাণ সঞ্চার করবেন। কোরআনে আল্লাহ বলেন, ‘অতঃপর যখন আমি তাকে সঠিকভাবে বানিয়ে ফেলব এবং তাতে আমার (পক্ষ থেকে) রুহ সঞ্চার করব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেয়ো।’ (সুরা সোয়াদ: ৭২) মানুষের প্রথম সৃষ্টি যেমন আল্লাহর আদেশে প্রাণ লাভ করেছিল, তেমনই পুনরুত্থানের সময়ও তার দেহে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে।

৪. সব মানুষ একযোগে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে

কেয়ামতের পর পৃথিবীতে আগত সব মানুষই পুনরুত্থিত হবে। আল্লাহ বলেন, ‘যেদিন তিনি তোমাদের আহ্বান করবেন, তখন তোমরা তার প্রশংসা করতে করতে তার আহ্বানে সাড়া দেবে এবং মনে করবে, তোমরা অল্প সময়ই অবস্থান করেছিলে।’ (সুরা বনি ইসরাইল: ৫২) অর্থাৎ দুনিয়ার জীবন শেষ হওয়ার পর সবাইকে আবার আল্লাহর সামনে উপস্থিত হতে হবে।

আরও পড়ুন

ইমানের পঞ্চম শাখা: তাকদিরে বিশ্বাস

৫. আল্লাহর ক্ষমতার কাছে পুনরুত্থান অসম্ভব কিছু নয়

মানুষের দেহ মাটিতে মিশে যাক, সমুদ্রের গভীরে হারিয়ে যাক কিংবা অন্য কোনোভাবে ছড়িয়ে-ছিটিয়ে যাক—আল্লাহর কাছে তা পুনরায় একত্র করা কঠিন নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তারা বলে, আমরা যখন অস্থি ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যাব, তখন কি সত্যিই নতুন সৃষ্টি হয়ে পুনরুত্থিত হব? বলুন, (যদি) তোমরা পাথর কিংবা লোহা হয়ে যাও তবুও।’ (সুরা বনি ইসরাইল: ৪৯–৫০) মানুষের এই প্রশ্নের জবাব হলো, আল্লাহর ক্ষমতার কাছে মানুষের দেহের ক্ষয় বা বিচ্ছিন্নতা কোনো বাধা নয়। তার জন্য পুনরুত্থান সম্পূর্ণ সম্ভব।

কোরআন পুনরুত্থানের সত্যতা বোঝাতে মানুষের সৃষ্টির সঙ্গে আকাশ-পৃথিবীর সৃষ্টির তুলনা করেছে। যে আল্লাহ এত বিশাল জগত সৃষ্টি করেছেন, তার জন্য মৃত মানুষকে পুনরায় জীবিত করা কঠিন নয়। বলা হয়েছে, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনিই পুনরায় সৃষ্টি করবেন। শুষ্ক জমিনে বৃষ্টি দিয়ে নতুন প্রাণের সঞ্চার এবং নিষ্প্রাণ শুক্রবিন্দু থেকে মানুষের সৃষ্টি এসবও পুনরুত্থানের বাস্তব দৃষ্টান্ত। অর্থাৎ পুনরুত্থান আল্লাহর অসীম ক্ষমতারই প্রকাশ। এ বিশ্বাস মানুষকে সচেতন করে দেয় যে, দুনিয়ার জীবন সাময়িক এবং একদিন প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।

ওএফএফ