ফরজ নামাজে এক রাকাতে একাধিক সুরা পড়া যাবে কি?

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

প্রশ্ন: ফরজ নামাজে একই রাকাতে সুরা ফাতেহার পর একাধিক সুরা পড়া যাবে কি? কেউ যদি এক রাকাতে একের অধিক সুরা পড়ে ফেলে, তাহলে কি তার নামাজের কোনো ক্ষতি হবে?

উত্তর: ফরজ নামাজের এক রাকাতে সুরা ফাতেহার পর একটি সুরা পড়াই উত্তম। সাধারণভাবে একের অধিক সুরা না পড়াই শ্রেয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, ‘তোমরা প্রতিটি সুরার পর রুকু ও সিজদা আদায় করে তার হক আদায় করো।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩৭৩০)

তবে কেউ যদি এক রাকাতে একাধিক সুরা পড়ে ফেলে, তাতেও নামাজ হয়ে যাবে এবং এটি জায়েজ রয়েছে। সাহাবি ও তাবেয়িদের আমল থেকেও ফরজ নামাজের এক রাকাতে একাধিক সুরা পড়ার প্রমাণ পাওয়া যায়। যেমন হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রয়েছে যে, তিনি ফরজ নামাজের এক রাকাতে একাধিক সুরা মিলিয়ে পড়তেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩৭১৪)

একইভাবে বিশিষ্ট তাবেয়ি হজরত আতা (রহ.) বলেন, ‘ফরজ নামাজের এক রাকাতে দুটি সুরা কিংবা দুই রাকাতে মিলিয়ে একটি সুরা পড়লে কোনো অসুবিধা নেই।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩৭১৫)