ট্রাম্প-পেজেশকিয়ানের বক্তব্যেও স্পষ্ট নয় ইরান যুদ্ধের সমাপ্তি প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ জাতিসংঘের সাধারণ পরিষদে এক দিনের ব্যবধানে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই জায়গায় দাঁড়িয়ে দুই নেতা যুদ্ধের বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরলেও ইরান যুদ্ধ কীভাবে শেষ হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সমাধানের কথা উঠে আসেনি। ট্রাম্প তার বক্তব্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এর ২৪ ঘণ্টা পর একই মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের বক্তব্যের জবাব দেন পেজেশকিয়ান। বক্তব্যের সময় পেজেশকিয়ান কয়েকটি শিশুর ছবি তুলে ধরেন। তার দাবি, এসব শিশু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রের হামলায় নিহত হয়েছে। তিনি ছবি দেখানোর সময় জাতিসংঘের অধিবেশন কক্ষে থাকা একমাত্র মার্কিন কূটনীতিক উঠে বাইরে চলে যান। পেজেশকিয়ান বলেন, ইরান আক্রান্ত হয়েছে, কিন্তু আত্মসমর্পণ করেনি। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত তেহরান আত্মসমর্পণ করবে না বলেও তিনি জানান। ইরানের প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তবে ইরান নিজেদের রক্ষা করতে ভয় পায় না—এমন বার্তাও তিনি দিয়েছেন। অন্যদিকে, পেজেশকিয়ানের বক্তব্যের সময় উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা। এর এক দিন আগে কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে ইরানি কর্মকর্তাদের আলোচনা হয়েছিল। ট্রাম্প ওই আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করলেও পেজেশকিয়ান ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, অতীতেও আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। ফলে ওয়াশিংটনের ওপর ইরানের আস্থা কমে গেছে। ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে। অন্যদিকে পেজেশকিয়ান বলেন, এ বিষয়ে ইরানেরও সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তিনি একই সঙ্গে আলোচনার সুযোগ রাখার পাশাপাশি প্রতিরোধ চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন। একই ভবনে এক দিনের ব্যবধানে দেওয়া দুই নেতার বক্তব্যে দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়েছে। তবে যুদ্ধ শেষ করার সুনির্দিষ্ট পথ কী হতে পারে, সে বিষয়ে কোনো পক্ষই পরিষ্কার কোনো সমাধান তুলে ধরেনি। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: ট্রাম্প-পেজেশকিয়ানের বক্তব্যেও স্পষ্ট নয় ইরান যুদ্ধের সমাপ্তি