প্রশাসনের দায়িত্বশীলতার অভাবে অপরাধের সুযোগ তৈরি হচ্ছে: চরমোনাই পীর

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

প্রশাসনের দায়িত্বশীলতা ও কার্যকর নজরদারির অভাবে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ ও অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দুর্বলতা ও অনিয়ম এবং বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী উভয়পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চরমোনাই মাদরাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও বরিশাল বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের পরিবর্তে জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও ইনসাফকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক্ষেত্রে প্রশাসনকে আরও সক্রিয়, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও শান্তিপূর্ণ ও দায়িত্বশীল পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন ইসলামী আন্দোলনের আমির। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলা এবং স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে প্রধান আলোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সংগঠনের আগামী দিনের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং আদর্শিক ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা।

তিনি বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে জনগণের কাছে ইসলামী আন্দোলনের নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরতে হবে। পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিয়মতান্ত্রিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা ও সিটি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।