ফুটপাত দখলমুক্ত করতে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে: ডিএনসিসি প্রশাসক প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার পরও উচ্ছেদ অভিযান বন্ধ হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে চলমান উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলাকালে দখলদারদের একটি অংশ এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কিছু পুলিশ সদস্যের ওপর হামলা করা হয়েছে। তবে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত দেখতে চায়। আজকের ঘটনায় সেটি স্পষ্ট হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত উদ্ধারের কাজ করা হচ্ছে। এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। অভিযান চলাকালে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন শফিকুল ইসলাম খান। তার ভাষ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মসজিদে আগুন দেওয়ার ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শফিকুল ইসলাম খান বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের অনেকে ইতোমধ্যে শনাক্ত হয়েছেন এবং তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কারো ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। দখলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজের মিরপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, “আমি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত।” ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: ফুটপাত দখলমুক্ত করতে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে: ডিএনসিসি প্রশাসক