পূজামণ্ডপে বিদ্যুৎ গেলেও থাকবে জেনারেটর, চার্জার লাইট: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কোনো মণ্ডপে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে বিকল্প হিসেবে জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে আয়োজিত সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ করা হয়েছে। উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে সংশ্লিষ্টদের দায়িত্বও বণ্টন করা হয়েছে। তিনি বলেন, প্রতিবছরই পূজার কিছুদিন আগে এ ধরনের প্রস্তুতি নেওয়া হয়। এবারো পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সালাহউদ্দিন আহমদ বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় একটি বিশেষ অ্যাপ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। জেলা পর্যায়ে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে দ্রুত তা জানা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য পুলিশ সদর দপ্তরে সার্বক্ষণিক মনিটরিং টিম থাকবে। জেলা ও বিভাগীয় পর্যায়েও মনিটরিং ব্যবস্থা থাকবে। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের পার্শ্ববর্তী থানায় মণ্ডপের স্বেচ্ছাসেবকদের নাম ও টেলিফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। এসব তথ্য যাচাই করে স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে। বিদ্যুৎ সরবরাহের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও বিদ্যুৎ চলে গেলে যাতে সঙ্গে সঙ্গে জেনারেটর চালু করা যায়, সে ব্যবস্থা রাখতে বলা হয়েছে। জেনারেটর কোনো কারণে কাজ না করলে বিকল্প হিসেবে চার্জার লাইট রাখার কথাও বলা হয়েছে। তিনি বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বর্তমানে প্রশংসনীয় পর্যায়ে রয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও নজরদারিতে এবারের শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: চার্জার লাইট: স্বরাষ্ট্রমন্ত্রীপূজামণ্ডপে বিদ্যুৎ গেলেও থাকবে জেনারেটর