ট্রেনেই আল্পসের পথে, আট থেকে সতেরো ঘণ্টায় ১২ স্কি রিসোর্ট

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

বিমানের বিকল্প রেলপথে ইউরোপের বরফঢাকা পাহাড়ে যাওয়ার সুযোগ বাড়ছে। লন্ডন থেকে ট্রেনে পৌঁছানো যায় ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি ও অ্যান্ডোরার জনপ্রিয় স্কি রিসোর্টে।

তাই শীতের ছুটিতে বরফঢাকা পাহাড়, আঁকাবাঁকা রেলপথ আর জানালার বাইরে আল্পসের মনোরম দৃশ্য দেখতে দেখতে স্কি রিসোর্টে যাওয়ার অভিজ্ঞতা শুরু হতে পারে ট্রেনেই। বিমানে যাত্রার সময় কম মনে হলেও বিমানবন্দরের অপেক্ষা ও গন্তব্যে পৌঁছানোর দীর্ঘ যাত্রা মিলিয়ে পুরো দিন চলে যেতে পারে। অন্যদিকে, লন্ডন থেকে ট্রেনে যাত্রা করলে অনেক ক্ষেত্রেই বিমানে যাওয়ার মতো সময়েই পৌঁছানো হয়। রাতের ট্রেনে গেলে ঘুমের মধ্যেই এগিয়ে যাওয়া যায় পাহাড়ের দিকে।

ইউরোপের এমন ১২টি স্কি রিসোর্ট রয়েছে যেখানে বরফে ঢাকা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ট্রেনে যাওয়া যায়। রেলপথ বেছে নিলে ভ্রমণের কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দিনের ট্রেনের পাশাপাশি স্কি-পর্যটকদের জন্য রয়েছে রাতের বিশেষ ট্রেন, যেমন ট্রাভেলস্কি নাইট এক্সপ্রেস ও নাইটজেট।

যেসব রিসোর্টে যেতে পারেন

ট্রেনে করেই ইউরোপের বেশ কয়েকটি জনপ্রিয় স্কি রিসোর্টে পৌঁছানো যায়। অস্ট্রিয়ার সেন্ট আন্তন আম আরলবার্গ অভিজ্ঞ স্কিয়ারদের চ্যালেঞ্জিং ঢালের জন্য পরিচিত। স্কিইংয়ের পাশাপাশি এখানে সাঁতার, ইনডোর ক্লাইম্বিং ও তুষারে স্লেজ চালানোর সুযোগও রয়েছে। লন্ডন থেকে ট্রেনে যেতে সময় লাগে আনুমানিক ১০ ঘণ্টা ৩০ মিনিট। অন্যদিকে, অস্ট্রিয়ার আলপবাখ পর্যটকদের আকর্ষণ করে কাঠের ঐতিহ্যবাহী বাড়ি, ছবির মতো সুন্দর গ্রাম ও স্কিইংয়ের পরিবেশ দিয়ে। সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ১৬ ঘণ্টা ৪৯ মিনিট।

ফ্রান্সে রয়েছে নানা ধরনের স্কি রিসোর্ট। তুলনামূলক নিরিবিলি পরিবেশ, পাইনবন ও নতুনদের উপযোগী ঢালের জন্য পরিচিত সাঁত-ফোয়া-তারঁতেজ-এ যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা ৫৮ মিনিট। ফ্রান্স-ইতালি সীমান্তের কাছে লা রোজিয়ের-এ স্কি করার সুযোগ রয়েছে দুই দেশের পাহাড়ি ঢালেই; লন্ডন থেকে যাত্রায় সময় লাগে প্রায় ৭ ঘণ্টা ৪৪ মিনিট। বিশাল থ্রি ভ্যালিস স্কি অঞ্চলের অংশ লে মেনুইর পরিবার ও তুলনামূলক সাশ্রয়ী ভ্রমণের জন্য আকর্ষণীয়। সেখানে যেতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টা ৫ মিনিট।

ফ্রান্সের আরেক গন্তব্য মঁজেনেভ্র, যেখানে রয়েছে পুরোনো ধাঁচের পাহাড়ি গ্রামের আবহ, নতুনদের জন্য প্রশস্ত স্কি এলাকা এবং বিভিন্ন দক্ষতার স্কিয়ারদের উপযোগী ট্রেইল। সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা ২০ মিনিট। পেইজি-ভালঁদ্রিতে স্কিইংয়ের পাশাপাশি ঘোড়ার টানে স্কি চালানোর মতো ব্যতিক্রমী অভিজ্ঞতা পাওয়া যায়; যাত্রায় সময় লাগে প্রায় ৭ ঘণ্টা ৪৭ মিনিট। উষ্ণ প্রস্রবণ, স্পা ও মঁ ব্লাঁ পর্বতের দৃশ্য উপভোগ করতে চাইলে বেছে নেওয়া যায় সাঁ-জারভে-লে-বাঁ। সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট। আর পরিবেশবান্ধব অবকাঠামো, পুনর্ব্যবহৃত উপকরণে তৈরি স্কি লিফট ও পাহাড়ি পথের জন্য পরিচিত ভাল সেনিতে যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা ৪৭ মিনিট।

সুইজারল্যান্ডের ভিলার-সুর-ওলঁ তুলনামূলক শান্ত পরিবেশে স্কিইং ও বিশ্রামের সুযোগ দেয়। বিভিন্ন দক্ষতার স্কিয়ারদের জন্য উপযোগী ঢালের পাশাপাশি রয়েছে স্পা উপভোগের ব্যবস্থাও। লন্ডন থেকে ট্রেনে সেখানে যেতে সময় লাগে আনুমানিক ৮ ঘণ্টা ৪৯ মিনিট।

পাইরেনিজ পর্বতমালার বড় স্কি অঞ্চলগুলোর একটি অ্যান্ডোরার গ্র্যান্ডভালিরা। স্কিইংয়ের পাশাপাশি সেখানে স্থানীয় কাতালান খাবার উপভোগ ও কেনাকাটার সুযোগ রয়েছে। এই গন্তব্যে পৌঁছাতে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা ১২ মিনিট।

ইতালির সেস্ত্রিয়েরে পরিবার ও সীমিত বাজেটের পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্কি রিসোর্ট। স্কিইংয়ের বাইরেও এখানে বরফে কুকুরের টানা স্লেজে চড়া, আইস স্কেটিংসহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। লন্ডন থেকে ট্রেনে সেখানে পৌঁছাতে সময় লাগে আনুমানিক ৮ ঘণ্টা ২০ মিনিট।

যাত্রার আগে যা জানা দরকার

লন্ডন থেকে প্যারিস হয়ে দ্রুতগতির টিজিভি ট্রেনে ফরাসি আল্পসের বিভিন্ন স্থানে যাওয়া যায়। ইউরোস্টার স্নো সরাসরি স্কি-পর্যটকদের কথা মাথায় রেখে পরিচালিত হয় এবং নির্দিষ্ট যাত্রায় স্কি ও স্নোবোর্ড বহনের সুবিধা দেয়। আবার রাতের ট্রেনে অস্ট্রিয়া ও ফ্রান্সের কয়েকটি অঞ্চলে পৌঁছানো যায়।

তবে ট্রেনের সময়সূচি, সংযোগ ও ভাড়া মৌসুমভেদে বদলাতে পারে। অনেক ক্ষেত্রে নিকটবর্তী স্টেশন থেকে বাস বা ট্যাক্সিতে রিসোর্টে যেতে হয়। তাই টিকিট কাটার আগে পুরো যাত্রাপথ ও স্থানীয় পরিবহনের ব্যবস্থা যাচাই করে নেবেন।

বিমানের বিকল্প হিসেবে ট্রেন শুধু পরিবেশবান্ধব ভ্রমণের সুযোগই দেয় না, বরং যাত্রাপথকেও ছুটির অংশ করে তোলে। বরফের পাহাড়ে পৌঁছানোর আগে জানালার বাইরে ইউরোপের গ্রাম, উপত্যকা আর তুষারঢাকা শৃঙ্গ দেখার অভিজ্ঞতাই হতে পারে ভ্রমণের বাড়তি প্রাপ্তি।