অধিনায়ক জ্যোতি বললেন মনস্তাত্ত্বিক সমস্যা প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪ গত ছয় মাসে দুর্দান্ত ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতে এল সিরিজ, ঘরের মাঠে ভারতের সঙ্গে করল ড্র, সিরিজ জিতে নিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু হঠাৎই যেন বদলে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো দেশের মাটিতে হলো ধবল ধোলাই। অস্ট্রেলিয়ার সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯৭, দ্বিতীয় ম্যাচে ৯৫ আর শেষ ম্যাচে ৮৯ রান করে বাংলাদেশ। ফলাফল হোয়াইট ওয়াশের লজ্জা সঙ্গী হলো। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচটি ছিল শুধুই সান্ত্বনার। কিন্তু সেখানেও ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স। প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করতে পারল মোটে ৮৯ রান। যা আগের দুই ম্যাচের চেয়েও কম। এই রান অজি মেয়েরা পেরিয়ে গেছে ৮ উইকেট আর ১৮৯ বল বাকি থাকতেই। বাংলাদেশ মূলত ম্যাচ হেরে যায় প্রথম ইনিংসেই। এমন পারফরম্যান্সের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন সামর্থ্যের ১০ শতাংশও খেলতে পারিনি আমরা। তিনি বলেন, ‘আমরা আমাদের সামর্থ্যের ১০ শতাংশও খেলতে পারিনি। যে কারণে আমি নিজেও বিস্মিত। গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই তেমন না। পুরো দল ব্যর্থ। দু-একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রাখছে।’ টানা ব্যাটিং ব্যর্থতার পর প্রশ্ন উঠতে পারে প্রস্তুতি নিয়ে। কিন্তু সেখানে কোনো ঘাটতি ছিল না বলেই জানালেন অধিনায়ক। জ্যোতি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো নিয়েছি। অনুশীলনে এক ধরনের মেন্টালিটি নিয়ে করছেন, এসে আরেকভাবে অ্যাপ্লাই করছেন, তখন কঠিন হয়ে যায়। কোচ বলেন বা অধিনায়ক হিসেবে বলেন, যখন দেখি খেলোয়াড় আত্মবিশ্বাসী, প্রস্তুতি ম্যাচে রান করছে, অনুশীলনে নিখুঁত ব্যাটিং করছে, এরপর যখন ভিন্নভাবে খেলছে, তখন আর কিছু করার থাকে না আমাদেরও। প্রস্তুতিতে সমস্যা ছিল বলে মনে হয় না।’ নিগারদের এমন হতশ্রী ব্যাটিংয়ের কারণটা তাহলে কি? বাংলাদেশ ক্যাপ্টেন মনে করেন মনস্তাত্ত্বিক সমস্যা হতে পারে। তিনি বলেন, ‘খেলোয়াড়ের মস্তিষ্কের ব্যাপারটি বুঝতে পারব না। তবে অনেক সময় নেতিবাচক ব্যাপার চলে আসে। যদি ভালো শুরু না পায়, তখন মনে করে যে, ‘না, আমার হচ্ছে না। যখন প্রথম ম্যাচে রান করতে পারেনি, পরের ম্যাচে পারেনি, তখন কিন্তু নিজে থেকেই ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে অনেকে ফিরে আসতে পারে, অনেকে পারে না। আমি বলব মনস্তাত্ত্বিক ব্যাপার।’ SHARES ক্রিকেট বিষয়: অধিনায়কজ্যোতি