এডিবি’র কাছে আরও সহায়তা চায় বাংলাদেশ প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরও বাজেট সহায়তা চাওয়া হয়েছে। এডিবি ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিমস) ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এই বাজেট সহায়তা চান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার (২ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এডিবি’র কাছে আরও বাজেট সহায়তা চাওয়ার বিষয়টি জানান। আর এডিবি’র ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’ বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বৈঠক শেষে বলেন, “এডিবি’র সঙ্গে সম্পর্ক ডেভলপ করছে ৫০ বছর ধরে। এটা আরও ভালো হবে, আরও শক্তিশালী হবে। তার জন্যই আমরা সন্তুষ্ট। আমরা এডিবি’র বার্ষিক সম্মেলনে যাচ্ছি। সেখানে আরও আলোচনা হবে। কিন্তু সো ফার আমরা খুবই হ্যাপি। তারা আমাদের প্রয়োজন বুঝতে পারছে, আমরা খুবই সন্তুষ্ট।’ এ সময় অর্থসচিব বলেন, ‘এডিবি আমাদের ৫০ বছরের বন্ধু। আমরা এডিবি’র কাছ থেকে ফান্ড পেয়ে আসছি, ভবিষ্যতে যেন আরও পাই, সে জন্য স্যার (অর্থমন্ত্রী) অনুরোধ করেছেন। বিশেষ করে বাজেট সাপোর্ট আমাদের নতুন উইন্ডো, বাজেট সাপোর্টে এডিবি আমাদের অনেক হেল্প করেছে। করোনার সময় আমাদের বাজেট সাপোর্টে দেওয়ায় আমরা ইকোনমির দ্রুত রিকোভারি করতে পারছি। এই বাজেট সাপোর্ট যাতে আরও বাড়ে সে জন্য স্যার রিকোয়েস্ট করেছেন।’ আরও বাজেট সাপোর্টে চাওয়ার প্রেক্ষিতে এডিবি’র পক্ষ থেকে কি বলা হয়েছে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে ফাতেমা ইয়াসমিন বলেন, ‘আলোচনা করছি আমরা।’ এরপর অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট সাপোর্টও দেবে। ওরা আসছেই তো এ জন্য।’ SHARES জাতীয় বিষয়: এডিবিবাংলাদেশ