টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না স্টোকস প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ মাঠের পারফরম্যান্সে দুঃসময় যাচ্ছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। নিজে ব্যক্তিগতভাবে যেমন ভালো করতে পারেননি, তেমনি ইংলিশরাও দলীয় সাফল্য পাচ্ছে না। এরই মাঝে যখন চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায়, নতুন করে চমকে দেওয়া এক সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। এই তারকা অলরাউন্ডার ইংলিশদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত পুরো গ্রীষ্ম মৌসুমের ক্রিকেট থেকেই বিরতি চেয়েছেন স্টোকস। এর মাঝে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে নিজের নাম না রাখতে ইসিবিকে অনুরোধ করেছেন ৩২ বছর বয়সী এই তারকা। ইনজুরি থেকে সেরে উঠতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন স্টোকস। এর আগে থেকেই তিনি বোলিং বন্ধ রেখেছিলেন। এখনও যা থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। ফলে ক্রিকেট থেকে বিরতি নিয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়ে ফিরে আসতে চান এই ইংলিশ তারকা। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজ দিয়ে স্টোকস পূর্ণ ফিট হয়ে ফিরতে চান। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: টি-টোয়েন্টিবিশ্বকাপস্টোকস