ইরানের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক পদক্ষেপে’ অংশ নেবে না যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪ ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন, জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। শনিবার দিবাগত রাতে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ইরান থেকে ছোড়া হলেও ইরাক, সিরিয়া ও লেবানন থেকেও কিছু ছোড়া হয়। ইসরায়েলের দাবি, তারা ও তাদের মিত্ররা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশ আকাশপথেই ধ্বংস করে দিয়েছে। ইরানি হামলায় শুধু তাদের দক্ষিণাঞ্চলীয় একটি বিমান ঘাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি সত্ত্বেও বিমান ঘাঁটিটির কার্যক্রম স্বাভাবিক আছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েলমুখি ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জর্ডান। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েলের সম্ভাব্য হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়। দূতাবাসে এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান এর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছিল। শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ওই হামলাটি চালায় তারা। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী শত্রু রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। সে রকম কিছু হলে এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আর তাতে ইতোমধ্যে ব্যাপক প্রাণঘাতী একটি যুদ্ধের মধ্যে থাকা মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এ পরিস্থিতিতে রাশিয়া, চীন ও ফ্রান্সের মতো বিশ্ব শক্তি, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এবং জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানইসরায়েল