মালদ্বীপে চীনপন্থি ক্ষমতাসীন দলের জয়

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। রবিবার (২১ এপ্রিল) রাতে পার্লামেন্টের ৯৩টি আসনের ৮৬টির ফলাফল ঘোষণা করা হয়। এতে ৬৬টি আসনে জয় পায় পিএনসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এর ফলে ঐতিহ্যগত মিত্র ভারতের বলয় থেকে বেরিয়ে এসে চীনপন্থি নীতির প্রতি ঝুঁকে পড়বে মালদ্বীপ।দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টের সব আসনের তিন চতুর্থাংশই পিএনপি পাবে বলে ধারণা করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তাই এই বিজয়কে সুপার সংখ্যাগরিষ্ঠতার জয় বলা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।

প্রায় এক হাজার ১৯২ টি ক্ষুদ্র প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটিতে মে মাসের শুরুতেই নতুন সরকারের শপথ নেবে বলে আশা করা হচ্ছে। অবশ্য জলবায়ু সংকটের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মালদ্বীপ।

গত মেয়াদে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) মাত্র ডজনখানেক আসন নিয়ে এবার বেশ বেকায়দাতেই পড়েছে। দলটি ভারতপন্থি হিসেবেই বেশি পরিচিত যার নেতৃত্বে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।