‘পেলের সঙ্গে তুলনা করা’ এন্ড্রিক যেন কোথাও নেই প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের দায়িত্ব যার কাঁধে বর্তায় সেই ভিনিসিয়ুস জুনিয়রও নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ছিলেন না। ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে সব আলো এসে পড়ছিল ১৭ বছর বয়সী বিস্ময় বালক এন্ড্রিকের ওপর। ব্রাজিলের স্বপ্নভঙ্গের ম্যাচে ভক্তদের চরম হতাশই করলেন ‘কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা টানা’ এই তরুণতুর্কি। উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে কোপা থেকে ছিটকে যাওয়ার ম্যাচে ২৪ বার বল স্পর্শ করে ১৫ বারই হারিয়েছেন এন্ড্রিক। ১৪টি ডুয়েলের জিতেছেন কেবল ৪টি। সতীর্থদের বাড়ানো তার ৫টি পাসের লক্ষ্যে ছিল কেবল ১টি, সেটাও কিক অফের পাস। উরুগুয়ের পোস্টে ৮৩ মিনিটে লক্ষ্যে শট নিতে পেরেছিলেন একটিই, যা ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি গোলরক্ষকের। এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন এন্ড্রিক, তবে খেলেছিলেন বদলি হয়ে। এবার মূল একাদশে নামেন গুরুদায়িত্ব নিয়ে। সুযোগ পেয়েও বিবর্ণ এন্ড্রিক। তার মতো বিবর্ণ পুরো দলই। অথচ কোয়ার্টারের লড়াইয়ের আগে তার ওপর আশা দেখছিলেন ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, “আমরা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমাদের দলে আরও একজন তরুণ খেলোয়াড় আছে, যে খেলার অপেক্ষায় রয়েছে। হয়তো সময় এখন এন্ড্রিকের জ্বলে ওঠার।” SHARES খেলাধুলা বিষয়: উরুগুয়েরএন্ড্রিক