দুর্নীতির টাকায় শালা-দুলাভাইয়ের সম্পদের পাহাড়, স্বজনেরাও কোটিপতি

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৪

ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক, পিরোজপুর মঠবাড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ কাগজে-কলমে সোয়া ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামি। ওই মামলায় আসামি হয়েছেন তার স্ত্রী ফারহানা আক্তার ও শাশুড়ি কারিমা খাতুনও।

আদালতের আদেশে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহসহ ওই তিনজনের ১৮ কোটি ১৫ লাখ ৬০ হাজার ২৮৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে।

এদিকে, ওসি আব্দুল্লাহর স্ত্রী ফারহানা আক্তার বর্তমানে আলোচিত আয়কর বিভাগের ট্যাক্স লিগ্যাল ও এনফোর্সমেন্ট শাখার প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বোন। অর্থাৎ আব্দুল্লাহ হচ্ছেন ফয়সালের দুলাভাই। আর আব্দুল্লাহর শাশুড়ি কারিমা খাতুন ফয়সালের মা।

কারিমা খাতুনের সম্পদের তথ্য খুঁজতে গিয়ে দুদকের জালে আটকা পড়েন তার ছেলে এনবিআর সদস্য কাজী আবু মাহমুদ ফয়সাল। ফয়সালের সম্পদের খোঁজ করতে দুদকের প্রধান কার্যালয় ও পিরোজপুর থেকে দুটি পৃথক অনুসন্ধান টিম গঠন করা হয়। ওই টিম ২০২৩ সালের ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে সম্পদের নিত্য-নতুন তথ্য পেতে শুরু করে। একে একে দুদকের জালে পেঁচিয়ে যেতে থাকেন ফয়সাল ও তার স্ত্রীর পরিবার।

গত ১৬ জুন আদালতের নির্দেশনায় ফয়সাল, তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি, ভাই, শ্যালকসহ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৯০৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। যদিও অভিযোগ ছিল হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের।