বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ গাজীপুরের গাছা এলাকায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কার্তিক কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল পোশাক কারখানায় ফিনিশিং অপারেটর হিসেবে কাজ করতেন। বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে যান। কারখানার ছুটি শেষে রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে পৌঁছালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানান, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহের বাম উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত