থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খান পরিবহনের একটি নৈশ কোচ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়। ওসি মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কাপ্রাণ গেলো ৩ জনের