বিশ্বের কত মানুষ খাদ্য সংকটের মধ্যে আছে?

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৪

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আমেরিকার সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরোর তথ্যমতে, বিশ্বের বর্তমান মোট জনসংখ্যা প্রায় ৮১১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জন। চলতি বছরের জানুয়ারিতে ৮০০ কোটির মাইল ফলকে স্পর্শ করেছে। তবে এখনো বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ঠিকমতো খেতে পায় না। আর তীব্র ও দীর্ঘস্থায়ী ক্ষুধার কথা বিবেচনা করলে, এ সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যমতে, এমন মানুষের সংখ্যা প্রায় ৩০৯ মিলিয়ন বা ৩০ কোটি ৯০ লাখ।

বিশ্বের কয়েকটি দেশে চলমান যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট, করোনা মহামারি ও ঊর্ধ্বমুখী সারের দামসহ বিভিন্ন কারণে এই খাদ্য সংকট তৈরি হয়েছে। এফএও বলছে, বর্তমানে বিশ্বের ৭২টি দেশে প্রায় ৩০৯ মিলিয়ন মানুষ দীর্ঘস্থায়ী ক্ষুধার সম্মুখীন।

এ ছাড়া বর্তমানে বিশ্বব্যাপী ৪২.৩ মিলিয়ন বা ৪ কোটি ২৩ লাখ মানুষ দীর্ঘস্থায়ীভাবে অপুষ্টি বা জরুরি স্তরের ক্ষুধার মুখোমুখি রয়েছে। এর মধ্যে গাজায়, দক্ষিণ সুদান ও মালিতে চলমান যুদ্ধের মধ্যে ১.১ মিলিয়ন বা প্রায় ১১ লাখের বেশি মানুষ বিপর্যয়মূলক দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

তবে, বৈশ্বিক ক্ষুধার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অলাভজনক সংগঠন ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’‑এর তথ্য বলছে, বিশ্বের ৭৮ কোটি ৩০ লাখ মানুষ দীর্ঘস্থায়ীভাবে অপুষ্টির শিকার। তাদের মতে, ক্ষুধা হলো এমন একটা অবস্থা, যখন শরীর পর্যাপ্ত খাদ্য থেকে দীর্ঘ সময়ের জন্য বঞ্চিত হয়। দীর্ঘ সময়ের এই অবস্থায় স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তা হতে পারে সারা জীবনের শারীরিক সমস্যা। খাদ্য সংকটের কারণে অপুষ্টিতে ভোগা মানুষের শরীরে শক্তি, গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ লবণ ও প্রোটিনের ঘাটতি দেখা দেয়।