‘২৪ এ বিয়ে করলেন যারা

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

চলতি বছরে দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। কেউ ধুমধাম আয়োজন করে আবার কেউ কেউ ঘরোয়া পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করেছেন। এসব তারকার বিয়ের খবর নিয়ে আজকের আয়োজন। 

মৌসুমী হামিদ

তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ ২০২৪ সালের শুরুতেই নিজের বিয়ের খবর দেন। গত ১২ জানুয়ারি লেখক ও নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন এই অভিনেত্রী। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

ফারহান আহমেদ জোভান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। চলতি বছরের জানুয়ারি মাসের ১২ তারিখে বিয়ে করেন তিনি। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করে এ খবর দেন জোভান। ফারহানের স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে হয়েছে পারিবারিকভাবেই।

নাজিয়া হক অর্ষা

ছোট পর্দার অভিনেত্রী লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। চলতি বছরের ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’ নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজ সম্পন্ন করেন তারা।

জিনাত সানু স্বাগতা

ছোট পর্দার আরেক অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জিনাত সানু স্বাগতা। গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। স্বাগতা জানান, তার স্বামী একজন লন্ডনপ্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গেও জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে। এর আগে আলোচিত চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন। দীর্ঘদিন সংসারের পর তাদের বিচ্ছেদ হয়।

অর্চিতা স্পর্শিয়া

আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া গত ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে। তিনি পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। ইনানী সমুদ্রসৈকতে হয় বিয়ের আয়োজন। তখন স্পর্শিয়া বলেছিলেন, ‘নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তা ছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সেও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

অভিনেতা তামিম মৃধা

অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা গত ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেন। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে বিয়ে হয়েছে তাদের। রাইসা ইসলাম সম্পর্কে তামিম মৃধা তখন জানান,  রাইসা ইসলামের সঙ্গে দেড় বছরের বেশি সময়েরও পরিচয় ছিল তার। পরে  সম্পর্কটা ভালো লাগায় গড়ায়। তবে নিজেদের মধ্যে পরিচয় ও সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তারা।

রুকাইয়া জাহান চমক

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করেন চলতি বছরের ২১ জুন। এর আগে ঈদের দিন আংটি বদল করেন। চমকের স্বামীর নাম আজমান নাসির। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। অভিনেত্রী তার বিয়ের আয়োজন সারেন মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে।

শিরিন শিলা

চিত্রনায়িকা আলোচিত নায়িকা শিরিন শিলা। চলতি বছরের ১০ অক্টোবর বিয়ে করেন আবিদুল মোহাইমিন সাজিলকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করা সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট। ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় শিরিন শিলার।

শারমিন জোহা শশী

জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। চলতি বছরের বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এ খবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। তার বরের নাম খালিদ হোসেন অভি। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন।

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী২০২৪-কে বিদায় জানানোর আগেই বিয়ের পিঁড়িতে বসেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। পারিবারিক আয়োজনে গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। ফেসবুক এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী-সালমান দুজনেই। ২৭ ডিসেম্বর গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।