পশ্চিমবঙ্গে রোহিঙ্গা সন্দেহে গ্রেফতার ৪

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

ভারতের হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে এক নাবালকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোহিঙ্গা সন্দেহে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে শালিমার রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করে হাওড়ার রেল পুলিশ (জিআরপি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বেগম দিলবার (৩৪), মোহাম্মদ আলম (২৩), রবিউল ইসলাম (১৬) এবং রিয়াসুল ইসলাম (২০)।হাওড়া জিআরপি সূত্রে জানা গেছে, অনেকদিন আগে মিয়ানমার থেকে তারা বাংলাদেশে এসে কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে ছিলেন। গত বছর কোনো বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং পরে হায়দারাবাদে চলে যান। সেখানে তারা শ্রমিকের কাজ করছিলেন।

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশবিরোধী আন্দোলন শুরু হলে হায়দরাবাদেও তার প্রভাব পড়ে। এ অবস্থায় এই চারজন আবারও বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেন। গত রোববার তারা হাওড়া স্টেশনে পৌঁছান।

স্টেশনে ভিড়ের মধ্যে তাদের চলাফেরা দেখে সন্দেহজনক মনে হলে চারজনকে আটক করে জিআরপি। পরিচয়পত্র দেখতে চাইলে তা তারা দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই রোহিঙ্গা। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না।