জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন ওপেনার জাকির হাসান। দল হিসেবে সিলেট ভালো করতে না পারলেও জাকির নিজে ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। আসরে সেরা ব্যাটারদের তালিকায়ও ছিলেন তিনি। বিপিএল শেষে অনুশীলনেও ফিরেছিলেন। এরই মাঝে গতকাল (শুক্রবার) জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সারাহ নুসরাত অদ্রির সঙ্গে। জাকিরের নববিবাহিত স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন। তাদের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে। এরমধ্যে ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুবরা সস্ত্রীক হাজির হয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’ এদিকে, বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির অবকাশ পাচ্ছেন না জাকির। কারণ আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। এর আগে সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: দলবদলবিপিএলেস্ট্রাইকার্সের